দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের ধলগ্রাম এলাকায় সেচ কমিটির স্বেচ্ছাচারিতা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় কৃষকরা। ডিজেল সংকট এবং সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগ না থাকায় বোরো আবাদ চরম হুমকির মুখে পড়েছে।
শনিবার (২৮ মার্চ) এর প্রতিবাদে দুপুরে ফুকরা গ্রামে নিজেদের ফসলি জমিতে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগী কৃষকরা। তবে আইনগত জটিলতার কারণে বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে বলে বলছে সেচ কমিটির সভাপতি।
মানববন্ধনে অংশ নেওয়া কৃষকরা অভিযোগ করেন, বিএডিসি’র যুগ্ম পরিচালক এস এম একরামুল হকের প্রভাব খাটিয়ে উপজেলা সেচ কমিটি অন্যায়ভাবে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছে। বর্তমান মৌসুমে একদিকে তেলের বাজারে সংকট, অন্যদিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় এলাকার প্রায় ১৮ একর জমির বোরো ধান পানির অভাবে শুকিয়ে যাচ্ছে। এতে ওই এলাকার প্রায় ৭০ জন কৃষক বর্তমানে চরম ভোগান্তিতে ও দিশেহারা অবস্থায় পড়েছেন।
কৃষকরা অবিলম্বে এই স্বেচ্ছাচারিতা বন্ধ করে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবি জানিয়ে স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সেচ কমিটির সভাপতি এবং কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিন মিয়া বলেন, ‘আইনগত জটিলতা থাকার কারণে বিদ্যুৎ সংযোগটি গত বছর বিচ্ছিন্ন করা হয়েছে। তবে প্রকৃত যারা কৃষক রয়েছেন এবং ওখানে যারা কৃষি কাজ করেন তাদের প্রত্যেকেই সেচ দেওয়ার জন্য ডিজেল পাবেন। যাদের কৃষি কার্ড আছে তারা ডিজেল পাচ্ছেন, যাদের নেই তাদেরও তালিকা করা হচ্ছে। তারাও ডিজেল পাবেন। আমার জানামতে কার্ডধারী এবং কার্ড ব্যতীত যারা রয়েছেন সকলেই বর্তমানে ডিজেল পাচ্ছেন।’
/অ